করোনায় ঢাকায় প্রাণ গেছে ১০০ জনের
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৮৬ জনের মৃত্যু হলো। রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ জনে পৌঁছেছে।
আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়েবসাইট থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার ঢাকায় মৃত্যুর সংখ্যা ছিল ৯৮ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের মধ্যে দুজন ঢাকার বাসিন্দা। সে হিসাবে রাজধানী ঢাকায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ২৪১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, যা গত দিনের চেয়ে ৯ দশমিক ২৮ ভাগ বেশি। এ ছাড়া নমুনা পরীক্ষা করা হয়েছিল ছয় হাজার ৭৭১টি।
অধ্যাপক নাসিমা বুলেটিনে আরো বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাঁদের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের বেশি এবং একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। দুজন রাজধানী ঢাকার এবং অন্যজন ঢাকার বাইরের।
গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে পৌঁছায়। পরবর্তী ২০ দিনে আরো নয় হাজার রোগী শনাক্ত হয়। বর্তমানে ৬০তম দিনে ১১ হাজার ৭১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত সব মিলিয়ে দেশে ৯৯ হাজার ৬৪৬ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক