কিশোরগঞ্জে বাচ্চু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজন খালাস
কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় জসীম উদ্দিন (৩৫) নামের একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসীম উদ্দিনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট রাখাল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের মনাকষা গ্রামের নিহত বাচ্চু মিয়া ও জসীম উদ্দিন প্রতিবেশী ছিলেন। বাড়ির পাশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সে বিরোধের জেরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে মনাকষা গ্রামে বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। পরে বাচ্চু মিয়ার ভাই হারুন অর রশিদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।’
আসামিপক্ষে অ্যাডভোকেট মিজানুর রহমান দায়িত্ব পালন করেন।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ