কুমিল্লায় ইয়াবা জব্দ, দুই সহোদরসহ আটক ৩
কুমিল্লার সদর দক্ষিণ থেকে চার হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় দুই সহোদরসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার ভোররাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আজ দুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব- ১১ এসব তথ্য জানায়।
আটককৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার গোবিন্দপুর গ্রামের মো. শাহজাহান ও তাঁর ভাই মো. আবু সুফিয়ান এবং নোয়াখালী জেলার সেনবাগ থানার কাদরা গ্রামের মো. আলাউদ্দিন।
র্যাব জানায়, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচা করছে গোপন সূত্রে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চার হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কুমিল্লার র্যাব ১১-এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে কেনাবেচা করে আসছিলেন।
এ বিষয়ে সদর দক্ষিণ থানায় মাদক আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা