খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন স্বজনরা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দেখা করেছেন ছোট ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের পাঁচ সদস্য।
অপর সদস্যরা হলেন—শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, শামীম এস্কান্দারের ছেলে অভিক এস্কান্দার, অরনী এস্কান্দার এবং খালেদা জিয়ার অপর ভাই সাঈদ এস্কান্দারের ছেলে শাফিন এস্কান্দার, বোনের ছেলে শাহরিয়ার হক।
আজ শুক্রবার বিকেল ৩টায় তাঁরা প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে সাড়ে ৪টার দিকে তাঁরা বের হন। ওই সময় খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দারের সঙ্গে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলে তিনি কথা বলতে চাননি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বলেন, ‘নিয়মিত দেখার করার অংশ হিসেবেই পরিবারের সদস্যরা দেখা করেছেন।’
সম্প্রতি রাজনীতির মাঠে খালেদা জিয়ার জামিন কিংবা প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। এদিকে হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন করা হয়েছে। আগামী রোববার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
পরিবার এবং বিএনপির পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে মেডিকেল বোর্ডের সুপারিশ চেয়ে চলতি মাসের শুরুর দিকে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনও করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক