কক্সবাজার সমুদ্রে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. আবিরের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৫টার দিকে সৈকতের সমিতিপাড়ার নাজিরার টেক পয়েন্টের বালিয়ারিতে তার মরদেহটি ভেসে আসে।
স্থানীয় লোকজন মরদেহটি সৈকতে পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে সি-সেইফ লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আবির পুরান ঢাকার লালবাগের শহীদ নগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে বলে জানা গেছে। বন্ধুদের সঙ্গে আনন্দ করতে গিয়ে এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি-সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান এনটিভি অনলাইনকে দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আবিরসহ ঢাকার লালবাগ এলাকা থেকে আসা ৯ বন্ধু মিলে একটি টিউব নিয়ে সুগন্ধা পয়েন্টে সাগরের পানিতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সাগরের তীব্র ঢেউ ও স্রোতের কারণে তাদের মধ্য থেকে দুজন হঠাৎ টিউব থেকে ছিটকে সাগরের গভীরে পড়ে যান। সেখানে উপস্থিত লাইফগার্ড ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আবির সাগরের তীব্র স্রোতের টানে মুহূর্তের মধ্যেই চোখের পলকে হারিয়ে যান। ঘটনার পরপরই লাইফগার্ড কর্মীরা সাগরে দীর্ঘক্ষণ উদ্ধার তৎপরতা চালালেও গতকাল আবিরের কোনো সন্ধান মেলেনি।
অবশেষে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর আজ সোমবার সকালে সমিতিপাড়ার নাজিরার টেক পয়েন্টের বালিয়ারিতে তার নিথর দেহ ভেসে আসে। সমুদ্রের এই ভরা মৌসুমে পর্যটকদের নামার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে লাইফগার্ড কর্তৃপক্ষ।

আসিফুজ্জামান সাজিন, কক্সবাজার, (সদর-রামু-ঈদগাঁও)