খুলনায় আরো এক পাটকল শ্রমিকের মৃত্যু
খুলনার প্লাটিনাম জুট মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক মো. সোহরাব (৫৫) আজ রোববার সকালে অসুস্থ হয়ে মারা গেছেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্লাটিনাম জুট মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক সোহরাব রোববার সকালে মারা গেছেন। তিনি শ্রমিকদের অনশন চলাকালে অসুস্থ হয়ে মণীষা ক্লিনিকে ভর্তি হন। সুস্থ হয়ে গতকাল শনিবার মিলে কাজে যোগ দেন। নিউজপ্রিন্ট মিল গেটের বাসায় থাকা অবস্থায় অসুস্থ হলে আজ ভোর সাড়ে ৬টায় সোহরাবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে মারা যান সোহরাব।
এ ঘটনায় তাৎক্ষণিকভাকে চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনায় আমরণ অনশনে অসুস্থ হয়ে প্লাটিনাম জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক আবদুস সাত্তার (৫৫) মারা যান।
গত মঙ্গলবার থেকে মজুরি কমিশন বাস্তবায়সহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে তারা এ অনশন কর্মসূচি পালন করেন। পরে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আহ্বানে গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তিন দিনের জন্য অনশন কর্মসূচি স্থগিত করেন পাটকল শ্রমিকরা।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা