‘জিরো ওয়েস্ট’ প্রচারে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের ক্যাম্পেইন
বাংলাদেশের পরিবেশ রক্ষায় ক্ষতিকর আবর্জনা হ্রাস ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে দেশজুড়ে বিশেষ কর্মসূচি হাতে নেয় প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ। আন্তর্জাতিক জিরো ওয়েস্ট দিবসকে কেন্দ্র করে ৩০ মার্চ থেকে শুরু হয় এ ক্যাম্পেইন। গতকাল বুধবার (১৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় ১৭ দিনের এই কর্মসূচি। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সাংবাদিক ও পরিচ্ছন্নতাকর্মীরা এতে অংশ নেন।
দেশের ক্রমবর্ধমান বর্জ্য সমস্যার সমাধানে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ ও বাস্তবসম্মত সমাধানকে উৎসাহিত করতে এই ক্যাম্পেইন শুরু হয়। গত ১৩ এপ্রিল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে হাতে-কলমে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে সংস্থাটি। এতে অংশগ্রহণকারীদের বর্জ্য পৃথকীকরণ, দৈনন্দিন রান্নাঘরের বর্জ্য ব্যবস্থাপনা এবং কম্পোস্ট তৈরির ব্যবহারিক পদ্ধতি শেখানো হয়। আয়োজনে দেখানো হয় কীভাবে ঘরোয়া বর্জ্যকে ল্যান্ডফিলের পরিবর্তে মূল্যবান সম্পদে রূপান্তর করা সম্ভব।
প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম ক্যাম্পেইনের সূচনা করেন। এতে আরও বক্তব্য দেন আরবান রেজিলিয়েন্স থিম্যাটিক লিড শামসুল আরেফিন। আয়োজক সংস্থা জানিয়েছে, ১৭ দিনের ক্যাম্পেইনে বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সেশনে জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নাগরিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি বর্জ্য পৃথকীকরণ ও রান্নাঘরের বর্জ্য থেকে কম্পোস্ট তৈরির প্রক্রিয়া প্রদর্শন করা হয়।
এ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রজেক্ট কনসেপ্ট প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা এবং দেশব্যাপী জিরো ওয়েস্ট চ্যালেঞ্জ ছিল উল্লেখযোগ্য।

এনটিভি অনলাইন ডেস্ক