চট্টগ্রামে সরকারি কর্মচারীদের বিভাগীয় সমাবেশ
সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ সাত দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ। আজ শুক্রবার সকালে চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় বিভাগীয় সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, দেশের আটটি বিভাগীয় শহরে সমাবেশ শেষে ঢাকায় মহাসমাবেশ করা হবে।
সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আছাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি ছিলেন পরিষদের মুখ্য সমম্বয়ক মো. ওয়ারেছ আলী।
সামবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক লুৎফর রহমান, খায়ের আহমদ মজুমদার, আনোয়ারুল ইসলাম তোতা, মো. গাজীউল হক চৌধুরী, রবিউল ইসলাম, মাহামুদুল হাসান, মো. জিয়াউল হক।
সমাবেশে বক্তারা অবিলম্বে পে কমিশন গঠন, নবম পে স্কেল বাস্তবায়ন, জাতীয় বেতন স্কেলের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ্যভাতাসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানান।
বাজারমূল্যে ঊর্ধ্বগতি ও জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সব সুবিধা পুনর্নির্ধারণ, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর ও ৬২ বছরে অবসরের সীমা নির্ধারণের দাবি জানান।
এ ছাড়া একই দাবিতে দেশের আটটি বিভাগীয় শহরে সমাবেশ ও ২৭ মে জাতীয় শহীদ মিনারে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে সরকারি আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম