জামালপুরে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, স্বামী গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় টাকার লোভে বন্ধুকে দিয়ে স্ত্রীকে (২৬) ধর্ষণ করানোর অভিযোগে স্বামী রাশেদ মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে রাশেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে ধর্ষক বন্ধু মোশারফ হোসেন পলাতক রয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাশেদ মিয়া বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া বিনোদের চর গ্রামের বাসিন্দা। তাঁর বন্ধু মোশারফ মিয়া পাশের পাগলাপাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে টাকার লোভে স্ত্রীকে অপর পুরুষের সঙ্গে যৌন মিলনের জন্য চাপ দিতে থাকেন রাশেদ। রাজি না হওয়ার স্ত্রীকে শারীরিক নির্যাতন চালান তিনি। গত বুধবার রাতে বন্ধু মোশারফকে ডেকে এনে তাঁর স্ত্রীকে যৌন মিলনের জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেন মোশারফ।
ওসি জানান, পরে কৌশলে স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসে থানায় মামলা করেন নির্যাতনের শিকার ওই নারী। অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে মামলাটি রের্কড হয়। পরে শুক্রবার ভোর রাতে স্বামী রাশেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি মোশারফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইসঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে জামালপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর