জামিন হয়নি জি কে শামীমের সহযোগীদের
ঠিকাদার ও ক্যাসিনো ব্যবসায়ী জি কে শামীমের চার সহযোগীকে জামিন দেননি হাইকোর্ট, তবে তাঁদের জামিন প্রশ্নে রুল দিয়েছেন আদালত।
আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয় গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার।
গত ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বেঞ্চ তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করলে তাঁরা হাইকোর্টে জামিন আবেদন করেন।
জামিন আবেদনকারী আসামিরা হলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন ও মো. শামশাদ হোসেন।
মামলার বিবরণে জানা যায়, জি কে শামীমকে অবৈধ চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক এবং জুয়া ব্যবসার (ক্যাসিনো) সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়। তাঁর দুষ্কর্মের সহযোগী হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. শামশাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গ্রেপ্তার করে গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা জি কে শামীমের সব অপকর্মের সহযোগী।

নিজস্ব প্রতিবেদক