এলেক্স গ্রুপের প্রধানকে হত্যা, ৬ আসামি রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরে ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ প্রধান ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয় আসামির চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ুশ, তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, রানা ও রাসেল ওরফে পিচ্চি রাসেল।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মন্ডল আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। এরপরে ঢাকার সিএমএম আদালত রিমান্ড শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। এরপরে বিচারক শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ১২ এপ্রিল দুপুর দেড়টার দিকে এলেক্স ইমনকে বাসায় রাখা মাছ নিয়ে আসতে সংবাদ পাঠায় তার শ্বশুর। মাছ আনতে বাইরে যায় সে। বাসা থেকে বের হয়ে আড্ডা দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রক্তক্ষরণে জ্ঞান হারায় এলেক্স ইমন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন তার মা ফেরদৌসী মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদালত প্রতিবেদক