আসামি ছাড়াতে থানায় তদবির, ইউপি সদস্যসহ ৫ জন পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ক্যাম্প পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে নওদা আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম ওই এলাকার বাসিন্দা। তবে এই আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন স্থানীয় ইউপি সদস্যসহ ৫ জন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওদা আজিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আমলা ক্যাম্প পুলিশ। এসময় ৮ পিস ইয়াবাসহ রবিউলকে আটক করা হয়। রাতেই তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়।
আটক রবিউলকে ছাড়িয়ে নিতে রাত ১০টার দিকে মিরপুর থানায় হাজির হন সদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক। তার সঙ্গে যোগ দেন স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত সুজন আলী, আলাউদ্দীন, শফিকুল ও সাইদুল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মাদকের আসামির পক্ষে তদবির না করতে তাদের বারবার নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া