ইউপি সদস্যের গুদামে অভিযান, অবৈধভাবে মজুতকৃত অর্ধশতাধিক বস্তা সার জব্দ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে এক ইউপি সদস্যের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৫০ বস্তা ইউরিয়া ও পটাশ সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। এ সময় মজুতের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফারুক শেখের গুদামে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। সন্ধ্যায় রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম সার জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, দক্ষিণ চরবংশী এলাকায় অবৈধভাবে সার মজুত করে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফারুক শেখের গুদাম থেকে অবৈধভাবে মজুতকৃত ৫০ থেকে ৬০ বস্তা সার জব্দ করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও পরে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য ফারুক শেখ নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, আমি মূলত সারের ব্যবসা করি। বিক্রির উদ্দেশ্যেই সারগুলো কিনে দোকানে রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে সার বিক্রি করা যাবে না শুনে সেগুলো দোকান থেকে সরিয়ে গুদামে রাখি। কে বা কারা প্রশাসনকে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে। প্রশাসন একবারের জন্যও আমাকে কিছু জিজ্ঞেস না করেই গুদাম থেকে প্রায় ৪০ বস্তা সার নিয়ে গেছে। এছাড়া একই সময়ে এলাকার আরও দুটি দোকানে এমন অভিযান চালানো হয়েছে বলে তিনি শুনেছেন।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর