মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫
লক্ষ্মীপুরের রামগতিতে মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রামগতি থানাধীন চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন রামগতি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬৫০ বস্তা (৩২ হাজার ৫০০ কেজি) সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোট দুটি জব্দ ও পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।
আটকরা হলেন- নোয়াখালীর হাতিয়ার মো. শাহদাত হোসেন (৪০) ও মো. ফোরকান (৪৭), পটুয়াখালীর গলাচিপার মো. হারুন অর রশিদ ওরফে বাবুল (৪২), ভোলার লালমোহনের মো. আরিফ (২৫) এবং নোয়াখালীর চরজব্বারের জামসেদ (৩২)।
কোস্ট গার্ডের কর্মকর্তা আরও বলেন, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরিফিন আসিফ, লক্ষ্মীপুর (কমলনগর-রামগতি)