ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাহারুল ইসলাম ওরফে খোকন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের পাকাখালের কাছে এ ঘটনা ঘটে। নিহত খোকন মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের পাকাখাল নামক স্থানে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে পুলিশের টহল দল সেখানে যায়। পুলিশ দেখে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরো জানান, নিহত খোকন ডাকাতের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

মিজানুর রহমান, ঝিনাইদহ