‘ঠেলাগাড়ি’ নিয়ে স্ত্রীর কাছে হারলেন ‘ক্যাসিনো সাঈদ’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত এ কে এম মমিনুল হক সাঈদ। নির্বাচনী প্রতীক হিসেবে তিনি চেয়েছিলেন ‘ঠেলাগাড়ি।’ কিন্তু তাঁর ভাগ্যে জোটেনি তা। ‘ঠেলাগাড়ি’ পেয়েছেন তাঁরই স্ত্রী ফারহানা আহমেদ বৈশাখী। সাঈদের ভাগ্যে জুটেছে ‘লাটিম।’
ক্যাসিনো কাণ্ডে বিতর্কিত সাঈদ ৯ নম্বর ওয়ার্ডের (ফকিরাপুল-মতিঝিল) কাউন্সিলর ছিলেন। গত ১৮ অক্টোবর সাঈদকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই সময় ফকিরাপুল এলাকার ক্রীড়া ক্লাবগুলোতে র্যাবের অভিযানে ক্যাসিনো ও জুয়ার সামগ্রী জব্দ করার সময় সাঈদের নামটি আলোচনায় আসে।
আজ শুক্রবার রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এনটিভি অনলাইনকে বলেন, ‘৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মমিনুল হক সাঈদ তার নির্বাচনী প্রতীক হিসেবে চেয়েছিলেন ঠেলাগাড়ি। কিন্তু তিনি লাটিম প্রতীক পেয়েছেন। তাঁর পক্ষে রাশেদুল হক নামে এক ব্যক্তি স্বাক্ষর করে প্রতীক বরাদ্দ নিয়েছেন। আর তার স্ত্রী ফারহানা আহমেদ পেয়েছেন ঠেলাগাড়ি প্রতীক। তিনি নিজে উপস্থিত হয়ে প্রতীক বুঝে নিয়েছেন। তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বি প্রার্থী।’
জানতে চাইলে ঢাকা দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদক মমিনুল হক সাঈদের স্ত্রী ফারহানা আহমেদ বৈশাখী এনটিভি অনলাইনকে বলেন, ‘শেষ পর্যন্ত যদি সাঈদ ভোটের মাঠে থাকেন তাহলে বলতে পারেন, ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে স্বামী-স্ত্রীর যুদ্ধ শুরু। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। যদিও এখনো কিছুই নিশ্চিত না। দলের হাইকমান্ড যা বলবেন উনি তাই করবেন। কারণ, তিনি দলের বাইরে যাবেন না।’
বৈশাখী বলেন, ‘হঠাৎ করেই আমি নির্বাচনের দাঁড়ানোর চিন্তা করেছি। আওয়ামী লীগ থেকে সাঈদকে মনোনীত করেনি। কিন্তু আমাদের এলাকার মানুষজন চায় সাঈদকেই। সেটা সম্ভব হচ্ছে না বলে ভোটাররা আমাকে দাঁড়াতে বলেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’
তাহলে সাঈদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আপনাকে সমর্থন দেবেন-এমন প্রশ্নে বৈশাখী বলেন, ‘তিনি কী করবেন তা আমি জানি না। আপাতত আমি ভোটের মাঠে থাকছি এটাই হল কথা। জনগনকে সঙ্গে নিয়ে আমি কাজ করে যেতে চাই। আমার ওয়ার্ডের উন্নয়নে যা যা করার দরকার তাই করব আমি।’

নিজস্ব প্রতিবেদক