দুর্নীতিমুক্ত না থাকলে বদলি, শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত থাকার কঠোর বার্তা দিয়ে শিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন বলেছেন, যারা দুর্নীতিমুক্ত থাকতে পারবেন না, তাদের বদলি হয়ে অন্যত্র চলে যেতে হবে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় শিক্ষামন্ত্রী নিজের কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, ‘আমি জীবনে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না—এটি আমার অঙ্গীকার। আমার এই প্রতিজ্ঞার সঙ্গে যারা একাত্ম হতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। প্রয়োজনে আমাকে বলবেন, আমি আপনাদের ভালো জায়গায় বদলির ব্যবস্থা করে দেব। কিন্তু আমি এই এলাকাটিকে দুর্নীতিমুক্ত ও পবিত্র রাখতে চাই।’
এ সময় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি কোনোভাবেই বরদাশত করা হবে না। এখন থেকে রাতে অকারণে রাস্তায় কাউকে পাওয়া গেলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। এতে সাংবিধানিক কোনো প্রশ্নের (কনস্টিটিউশনাল ভায়োলেন্স) সৃষ্টি হলে সেটি পরে দেখা যাবে বলে তিনি মন্তব্য করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শরীফুল ইসলাম, চাঁদপুর