আগামী ডিসেম্বরে এসএসসি পরীক্ষা শুরুর চিন্তা সরকারের : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে পরবর্তী এসএসসি পরীক্ষা আগামী ডিসেম্বরে শুরু করার চিন্তা করছে সরকার। এতে করে শিক্ষার্থীদের সময় নষ্ট হবে না। জানুয়ারিতে কোর্স শুরু করে ডিসেম্বরে কোর্স শেষ হয়। কোর্স শেষ করে পরীক্ষা নেওয়া হবে।
আজ সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা বলেননি তিনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা যায় কি না, সেই পরিকল্পনা করছে মন্ত্রণালয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয় করতে এই দুই পাবলিক পরীক্ষা প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাইসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়ার বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে গত মাসে শিক্ষা মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব বিষয়ে আলোচনা করেন। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। প্রতিবছর এই দুই পরীক্ষায় সারা দেশে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। বর্তমানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে যে বছর দশম শ্রেণির ক্লাস শেষ করে, তার পরের বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। এইচএসসির ক্ষেত্রেও প্রায় একই অবস্থা। দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি আর বজায় রাখা যাচ্ছে না; বরং আরও পিছিয়েছে। যেমন ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ২১ এপ্রিল, আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই থেকে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জানুয়ারিতে ক্লাস শুরু হয়ে ডিসেম্বরে শেষ। তখন মন্ত্রীর কাছে আরও স্পষ্ট হওয়ার জন্য সাংবাদিকেরা জানতে চান আগামী এসএসসি পরীক্ষা এই ডিসেম্বর হবে কি না। জবাবে মন্ত্রী বলেন, কোর্স শেষ হবে কবে? তখন সাংবাদিকেরা বলেন ডিসেম্বরে। তখন মন্ত্রী বলেন, ‘জানুয়ারিতে কোর্স শুরু করে ডিসেম্বরে শেষ। তাহলে কোর্স শেষ করে পরীক্ষা নেব, এটা জানা আর না জানার কি হলো?’
আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি কবে নাগাদ বাস্তবায়ন হবে, এটি কি আগামী বছর, নাকি ২০২৮, ২০২৯ সাল থেকে। জবাবে মন্ত্রী বলেন ‘কেন ২০২৮, ২০২৯, ২০২৭ বলব? জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়নি?’ তখন সাংবাদিকেরা বলেন হয়েছে। তখন মন্ত্রী আবার বলেন হ্যাঁ, কিছুটা ব্যত্যয় ঘটেছে, সে জন্য ক্লাস সপ্তাহে ছয় দিন ক্লাস হচ্ছে।...সিলেবাস ডিসেম্বরে শেষ হবে নাকি?
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি ডিসেম্বরে কোর্স শেষ হয় তাহলে তাদের জীবন থেকে এক বছর নষ্ট করা হবে কেন? তখন সাংবাদিকেরা আবারও জানতে চান আগামী এসএসসি পরীক্ষাটি কি তাহলে ডিসেম্বরে হবে? জবাবে শিক্ষামন্ত্রী বলেন প্রত্যেক পরীক্ষা যে সময়ে হয়, সেই সময়ে হবে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জানুয়ারিতে ক্লাস শুরু হয়ে ডিসেম্বরে শেষ। তখন মন্ত্রীর কাছে আরও স্পষ্ট হওয়ার জন্য সাংবাদিকেরা জানতে চান আগামী এসএসসি পরীক্ষা এই ডিসেম্বর হবে কি না। জবাবে মন্ত্রী বলেন, কোর্স শেষ হবে কবে? তখন সাংবাদিকেরা বলেন ডিসেম্বরে...তখন মন্ত্রী বলেন, ‘জানুয়ারি কোর্স শুরু করে ডিসেম্বরে শেষ। তাহলে কোর্স শেষ করে পরীক্ষা নেব, এটা জানা আর না জানার কি হলো?’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

নিজস্ব প্রতিবেদক