ডাকসুতে ভিপির ওপর হামলা, বিএনপির নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিতরে সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ অন্যান্য ছাত্র নেতাদের ওপর ক্ষমতাসীন ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।
আজ রোববার দুপুরে একেবারে লাইট বন্ধ করে রড, লাঠিসোটা নিয়ে এই হামলা চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভিপি নুরসহ তাঁর সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ১৫ জনের মতো আহত হয়েছেন। আহতদের প্রক্টরিয়াল টিমের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন এবং ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সমর্থক শতাধিক নেতাকর্মী রড, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দুপুরে এই হামলা চালায়।
পরে আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হামলার ঘটনার নিন্দা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকাসুর ভিপি নুরুল হক নুরের উপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

নিজস্ব সংবাদদাতা