ঢাকার নিম্ন আদালতের আইনজীবী সমিতিতে আগুন
পুরান ঢাকার নিম্ন আদালতের আইনজীবী সমিতি ভবনের কনফারেন্স রুমে আজ বৃহস্পতিবার সকালে আগুন লাগে। ছবি : এনটিভি
পুরান ঢাকার নিম্ন আদালতের আইনজীবী সমিতি ভবনের কনফারেন্স রুমে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে।
ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সমিতির সদস্য ইব্রাহিম খলিল বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে তৃতীয় তলায় আইনজীবী সমিতির সভাপতির রুমে এসি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এর পরে তা কনফারেন্স রুম হয়ে চতুর্থ তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
খলিল বলেন, আগুনের কারণে কোনো আইনজীবী আহত হননি, তবে গুরুত্বপূর্ণ মামলার কাগজ বা ডকুমেন্ট নষ্ট হতে পারে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

আদালত প্রতিবেদক