ঢাকা সিটির ভোট ৩০ জানুয়ারি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে কমিশন সভা শেষে সিইসি এই তফসিল ঘোষণা করেন।
কে এম নূরুল হুদা বলেন, ‘মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর ও যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।’
এই প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঢাকার দুই সিটির সব কেন্দ্রে ভোটগ্রহণ হবে জানিয়ে সিইসি জানান, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে কে এম নূরুল হুদা বলেন, ‘ আপনারা ভোট দিতে ভোট কেন্দ্রে আসবেন। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ভোটারদের নিরাপত্তার দায়িত্ব আমরা নেব।’
নির্বাচন কমিশন সূত্র জানায়, দুই সিটির সাধারণ ওয়ার্ড সংখ্যা ১২৯টি। এর ভেতরে উত্তরে ৫৪টি এবং দক্ষিণে ৭৫টি। এর মধ্যে ৪৩টি সংরক্ষিত ওয়ার্ড, যেখানে শুধু নারী প্রার্থীরা ভোট করবেন। সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে উত্তরে ১৮টি ও দক্ষিণে ২৫টি। দুই সিটিতে মোট ভোটার রয়েছে ৫৪ লাখ তিন হাজার ১০৯ জন। এর ভেতরে ঢাকা উত্তরের ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। আর দক্ষিণে ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।
ইসি সূত্রে আরো জানা যায়, দুই সিটি করপোরেশনের সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা দুই হাজার ৪৭৩টি। এর ভেতরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৩৪৯টি। আর দক্ষিণ সিটি করপোরেশনের ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ১২৪টি। দুই সিটির সম্ভাব্য ভোটকক্ষের সংখ্যা ১৩ হাজার ৫১৪টি। এর ভেতরে ঢাকা উত্তর সিটির ভোটকক্ষের সংখ্যা সাত হাজার ৫১৬টি। আর দক্ষিণ সিটির ভোটকক্ষের সংখ্যা পাঁচ হাজার ৯৯৮টি।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক এবং ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। উভয়েই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন।
২০১৭ সালের ৩০ নভেম্বর মারা যান আনিসুল হক। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম জয়ী হন।
সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ প্রথম সভা থেকে পরের পাঁচ বছর পর্যন্ত। ওই অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে। আর ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। এদিকে সিটি করপোরেশনের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে ভোটের আয়োজন সম্পন্ন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক