তুরাগতীরের জুমায় লাখো মানুষের ঢল
এ এক অভূতপূর্ব দৃশ্য। জুমার জামাতে লাখ লাখ মানুষ। আজ শুক্রবার টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার মাঠে অনুষ্ঠিত হলো স্মরণকালের বৃহত্তর জুমার নামাজের জামাত।
জুমার নামাজের ইমামতি ও জুমাপূর্ব খুতবা দেন শূরা সদস্য ও কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। জুমার জামাত শুরু হয় দুপুর পৌনে ২টায়, শেষ হয় ২টা ৫২ মিনিটে।
নামাজ শেষে ইজতেমায় আসা এক মুসল্লির মৃত্যুতে জানাজার নামাজও অনুষ্ঠিত হয়। জুমার জামাতের সারি মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। মাঠের বাইরে মহাসড়কে ছিল ভিড়। সব জায়গায় ছিল মানুষের ভিড়।
আজ শুক্রবার ভোর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে যেতে থাকেন। জুমার নামাজের সময় ঘনিয়ে আসার সঙ্গে বাড়তে থাকে মুসল্লির ভিড়।
আজ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমবয়ান করেন রায়বেন্ডের মুরব্বি মাওলানা উবাইদুল্লাহ খুরশিদ। এর পর সকাল ১০টায় স্কুল-কলেজ-ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক এবং অন্য পেশাজীবীদের উদ্দেশে বিশেষ বয়ান হয়।
জানা যায়, অন্যবারের তুলনায় এবারের ইজতেমায় মুসল্লির সংখ্যা বেশি। ইজতেমা মাঠের পূর্ব ও পশ্চিম পাশে নতুন ১৪টি খিত্তা (নির্ধারিত স্থান) যুক্ত করার মাধ্যমে মাঠের পরিধি বাড়ানো হয়েছে। আর পুরো ইজতেমাকে ৯১টি খিত্তায় ভাগ করা হয়েছে।
আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

নিজস্ব সংবাদদাতা