দেশে করোনায় একদিনে সর্বাধিক প্রাণহানি
নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৬৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট এক হাজার ৮৪৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ৬৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫২ জন এবং নারী ১২ জন। এ ছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন মারা গেছেন।
ডা. নাসিমা আরো বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, বরিশাল বিভাগের দুজন, সিলেট বিভাগে দুজন, খুলনা বিভাগের সাতজন, ময়মনসিংহ বিভাগের দুজন এবং রাজশাহী বিভাগের সাতজন।
অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ৬৪ জনের মধ্যে হাসপাতালে ৫১ জন এবং বাড়িতে ১৩ জন মারা গেছে। এ ছাড়া তিনি জানান, শনাক্তের বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ২৭ শতাংশ।
অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪২৬ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে তিন হাজার ৬৮২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যা পরীক্ষার ১৯ দশমিক ৯৮ শতাংশ শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪৪ জন করোনা থেকে সুস্থ হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৫৯ হাজার ৬২৪ জন সুস্থ হয়ে উঠেছে। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৯৮ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে পৌঁছায়। আজ পর্যন্ত দেশে এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ১৮ দশমিক ৯৮ ভাগ।

নিজস্ব প্রতিবেদক