দেশে করোনায় দৈনিক মৃত্যু কমেছে
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৬৭২ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৩৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪৯ হাজার ৫১৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এর আগে গতকাল ৪০ জন মারা যায়, যা ছিল দেশে একদিনে করোনায় সর্বাধিক মৃত্যু।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ২২ জন করোনার কারণে মারা গেছেন। তাঁদের মধ্যে পুরুষ ১৯ জন, নারী তিনজন।
বয়সের বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, বরিশালে একজন ও সিলেট বিভাগে দুজন রয়েছে।
অধ্যাপক নাসিমা বলেন, মৃত ২২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাসায় ছয়জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল একজনকে। তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।
ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ১০৪ জনের। এর মধ্য থেকে দুই হাজার ৩৮১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা নমুনা পরীক্ষার ২০ দশমিক ৮১ শতাংশ।
এ ছাড়া অধ্যাপক নাসিমা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮১৬ জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হয়েছে ১০ হাজার ৫৯৭ জন, যা মোট আক্রান্তের ২১ দশমিক ৩৯ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে আজ পর্যন্ত দেশে ৪৯ হাজার ৫১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট তিন লাখ ২০ হাজার ৩৬৯ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক