নাটোরের ৩ গুদাম থেকে ৬ হাজার মণ মজুদ পাট উদ্ধার
নাটোরে উদ্ধার করা পাট বিক্রি করে দেওয়া হয়। ছবি : এনটিভি
দেশে পাট সংকট মোকাবিলায় মজুদদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পাট অধিদপ্তর। এর অংশ হিসেবে নাটোরের তিনটি পাটের গুদামে অভিযান চালানো হয়েছে।
পাট অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার হোসেন আলী সরকারের নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে এ অভিযান চালানো হয়।
এ সময় ব্যবসায়ী মিজানুর রহমান ও জয়নাল আবেদীনের তিনটি পাটের গুদাম থেকে ছয় হাজার মণ পাট উদ্ধার করা হয়। পরে ছয় হাজার ১০০ টাকা মণ দরে আকিজ জুট মিল, মালেক জুট মিল ও নাটোর জুট মিলের কাছে বিক্রি করে দেয় পাট অধিদপ্তর।
এ বিষয়ে পাট অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার হোসেন আলী সরকার জানান, মজুদদারির কারণে জুটমিলগুলো পাট সংকটে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে পারছে না। এ কারণে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মজুদদারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পাট অধিদপ্তর।

হালিম খান, নাটোর