নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে মোখলেছুর রহমান সুবেল (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাটেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত মোখলেছুর রহমানের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ী থানায় মোট ১১টি মামলা রয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ দাবি করেন, গতকাল দিবাগত রাতে সোনাইমুড়ী থানার একদল পুলিশ পূর্ব নাটেশ্বর এলাকায় টহল দিতে যায়। এ সময় ওই এলাকার খালপাড়ের পাশের একটি বাড়ির সামনে মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি দল অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ তাদের দেখতে পেয়ে বাধা দিতে যায়। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা থেকে আরো কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। এ সময় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে মোখলেছুরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ পর মোখলেছুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি আরো দাবি করেন, বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান ও আবু ছায়েদ নামের দুই পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ ও তিনটি বড় কিরিচসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী