ফুলবাড়ী সীমান্তে অস্ত্র-গুলিসহ বিপুল মাদক জব্দ
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি এবং বিপুল মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ী বিজিবি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেন।
কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ২৫ মিনিটে কোতয়ালি থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী নামক স্থানে কয়েকজন চোরাকারবারিকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ঘেরাও করার চেষ্টা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ভর্তি ছয়টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই বস্তাগুলো তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি, ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ ও ২৭ বোতল আমলকুল উদ্ধার করা হয়।
অভিযানে ফুলবাড়ী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান ও সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)