অবৈধভাবে মজুত ৫৭ বস্তা সার জব্দ, জরিমানা ১০ হাজার টাকা
অবৈধভাবে সার মজুত, নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই সার বিক্রি, মূল্যতালিকা না থাকা এবং যথাযথ ক্যাশমেমো ব্যবহার না করার অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলালে এক সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় তার দোকান থেকে ৫৭ বস্তা সার জব্দ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারে মেসার্স নুর ইসলাম ট্রেডার্সে অভিযান চালিয়ে খুচরা সার বিক্রেতা মো. আবু হাসানকে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে দোকানটি থেকে ৪৯ বস্তা টিএসপি, পাঁচ বস্তা এমওপি ও তিন বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে জব্দ করা এসব সার কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এতে মোট ৫৭ হাজার ২০০ টাকা পাওয়া যায়, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, সার বিক্রিতে অনিয়ম, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি বলেন, অবৈধভাবে সার মজুতের কারণে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ৫৭ বস্তা সার তাৎক্ষণিকভাবে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ৫৭ হাজার ২০০ টাকা আদায় করা হয় এবং তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)