দুই ডিলারের গুদামে অভিযানে ৬৫৭ বস্তা সার জব্দ
দিনাজপুরের খানসামায় অনুমোদিত সীমার বাইরে অবৈধভাবে বিপুল পরিমাণ রাসায়নিক সার মজুতের অভিযোগে দুই সার ডিলারের গুদামে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। পৃথক এসব অভিযানে মোট ৬৫৭ বস্তা সার জব্দসহ দুই ডিলারকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনিয়মের দায়ে একটি গুদাম সিলগালা করা হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার টংগুয়া বাজার ও পাকেরহাট এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, টংগুয়া বাজারের বিসিআইসি নিবন্ধিত সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্স’-এ অবৈধ মজুতের তথ্যে অভিযান চালানো হয়। সেখান থেকে ২০৭ বস্তা সার (৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি) জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মূল ডিলার দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি তা পরিচালনা করছিলেন। অবৈধ মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা করে সার বাজেয়াপ্ত করেন।
অন্যদিকে পাকেরহাটের বিএডিসি নিবন্ধিত ডিলার মহিতোষ চন্দ্র চন্দের ‘মেসার্স মহাদেব ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে ৪৫০ বস্তা (৩৫০ বস্তা এমওপি ও ১০০ বস্তা ডিএপি) সার পাওয়া যায়। অবৈধ সার মজুতের অপরাধে ডিলার মহিতোষকে ৪০ হাজার টাকা জরিমানা করে তার গুদামটি সিলগালা করে দেয় প্রশাসন।
দিনাজপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদনান কবির উদয় এবং খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের নেতৃত্বে যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ পুলিশ প্রশাসন ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খানসামা ইউএনও কামরুজ্জামান সরকার জানান, জব্দকৃত সারগুলো আগামীকালই স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি বা কৃষকদের হয়রানি করলে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)