চাঁদপুরে বাসচাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, গুরুতর আহত ৪
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব-গৌরীপুর সড়কে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন সাদিয়া আক্তার (২৬) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী। এতে অটোরিকশার চালক ও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বাসচালক কাউসারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে এ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্টো-ব-১১-৪০৪৩) চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী সাদিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন— মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকার ইজিবাইক চালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ওই ঘিলাতলী গ্রামের গাজী বাড়ির খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)।
চালক ছাড়া বাকি তিনজন দুর্ঘটনায় নিহত সাদিয়ার শ্বাশুড়ি, দেবর ও স্বামীর বড় বোন। সাদিয়ার স্বামী সৌদি প্রবাসী ইসমাইল হোসেন। তাদের ৪ বছরের এক মেয়ে আছে।
নিহত সাদিয়ার স্বজন ইয়াছিন মিয়া জানান, আমার জেঠাতো ভাই রুহুল আমিনের মা রাজিয়া (৫০) শুক্রবার রাতে মারা যায়। আজ সকাল ৮টায় তার জানাজা ও দাফন করার কথা। সকাল ৬টার দিকে তারা আমাদের বাড়ির সামনে এলে বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস তাদের অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর