‘ন ডরাই’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘ন ডরাই’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
তথ্য ও আইন মন্ত্রণালয়ের সচিব, চলচ্চিত্রটির প্রযোজক মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান অংশু এবং চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্তকে এ নোটিশ পাঠানো হয়েছে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ চলচ্চত্রের প্রদর্শনী বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমদ বিকেলে এনটিভি অনলাইনকে বলেন, 'আমরা এখন কাগজ হাতে পাইনি। মিডিয়ায় নিউজ দেখেছি। কাগজ হাতে পেলে বুঝতে পারব কেন নোটিশ পাঠানো হয়েছে। সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
নোটিশে বলা হয়েছে,এই চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী হজরত আয়শা (রা.) সম্পর্কে বর্ণনা তুলে ধরা হয়েছে। এ ছাড়া, চলচ্চিত্রের কিছু অংশ অশ্লীল ও অনৈতিক। এসব বিষয় মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানবে। চলচ্চিত্রটির প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার সস্তা প্রচারণার উদ্দেশ্যে ধর্মীয় উসকানির পথ বেছে নিয়েছেন।
নোটিশে চলচ্চিত্রটির সেন্সর বোর্ডের অনুমোদন বাতিল, প্রদর্শনী বন্ধ, এ সংশ্লিষ্ট বই বাজার থেকে প্রত্যাহার এবং চলচ্চিত্র সংশ্লিষ্টদের মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে।
সার্ফিং নিয়ে বাংলাদেশে প্রথমবার নির্মিত সিনেমা 'ন ডরাই'। তানিম রহমান অংশু পরিচালিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। ‘ন ডরাই’ চলচ্চিত্রের মূল চরিত্র আয়েশার ভূমিকায় অভিনয় করেছেন নবাগত সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ বচ্চনের ‘পিংক’ সিনেমার চিত্রনাট্য লিখে প্রশংসিত হন।

নিজস্ব প্রতিবেদক