পশুর নদে ট্রলারডুবি, একজনের লাশ উদ্ধার
বাগেরহাটের মোংলা উপজেলায় পশুর নদে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব ঘাট থেকে মোংলার হোলসিম ঘাটে আসার সময় নদীতে থাকা একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুন্দর বিশ্বাস (৫০)। তিনি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের বাসিন্দা। ট্রলারের অধিকাংশ যাত্রীর বাড়ি দাকোপের বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে পুলিশ। তাঁরা মোংলার বিভিন্ন কারখানায় চাকরি করেন বলেও জানানো হয়।
এদিকে, ডুবে যাওয়া ওই ট্রলারে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও লোকজন। ট্রলারটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিল বলে জানান ওই ট্রলার থেকে সাঁতরে ফেরা যাত্রীরা। এ ঘটনায় টাকাসহ মালামাল ডুবে গেছে বলেও জানান তাঁরা। তবে কতজন যাত্রী নিখোঁজ, তা নিশ্চিতভাবে জানাতে পারছে না প্রশাসন। নিখোঁজদের সন্ধানে সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আজ সকাল পৌনে ৮টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে মোংলার হোলসিম খেয়াঘাটে যাওয়ার সময় একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারটি ড্রেজারের নিচে চলে যায়। তাৎক্ষণিকভাবে যাত্রীরা সাঁতরে কূলে উঠলেও একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত কারো অভিযোগ পাওয়া যায়নি যে তাঁদের কেউ নিখোঁজ রয়েছেন। তবে লোকমুখে শোনা যাচ্ছে, দু-একজনকে পাওয়া যাচ্ছে না।
ওসি ইকবাল আরো জানান, ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী ছিল। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আবু হোসাইন সুমন, মোংলা