ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদীতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত তিনজন বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সজিবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের (চট্ট-ব-১১-০০২১) সঙ্গে বিপরীত দিক থেকে টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি ট্রাকের (চুয়াডাঙ্গা-ড-১১-০০৪৮) মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। সেখান থেকে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আরেকজন মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত ১২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ফরিদপুর-বরিশাল মহাসড়ক বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে ও ভাঙ্গা থানা পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সঞ্জিব দাস, ফরিদপুর