নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ জুলাই) এসব ঘটনা ঘটে।
জেলার শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি একই উপজেলার বাদুয়ারচর পুরানপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে। আজ তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। তারা বাজনাব এলাকায় পৌঁছলে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিন সকালে পুড়াদিয়া-বেলাবো সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উল্টে চালক শাওন নিহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে জীবিকার সন্ধানে নছিমন নিয়ে মনোহরদী উপজেলা থেকে বেলাবোর উদ্দেশে রওনা করেছিলেন শাওন। পথে রাধাখালী ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নছিমনের একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় চালক শাওনের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।
নিহত শাওন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, নছিমন চালক নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী