বাবার সুনাম অক্ষুন্ন রাখতে চান ইশরাক
বাবাকে ভোটের লড়াইয়ে দেখেছেন একাধিকবার। কিন্তু নিজে নামবেন প্রথমবারের মত। বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী ইশরাক হোসেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক লড়বেন ঢাকা দক্ষিণ সিটিতে।
বিএনপির মনোনয়ন পাওয়ার পর শনিবার সন্ধ্যায় ইশরাক নিজের ফেসবুক পেজে দোয়া কামনা করেন।তিনি বলেন, ‘দেশবাসীর কাছে দোয়া চাই যাতে জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার লড়াইয়ে আমি কার্যকর ভূমিকা পালন এবং আমার বাবা সাদেক হোসেন খোকার সুনাম অক্ষুন্ন রাখতে পারি।’
আজ শনিবারই ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী হিসেবে ইশরাকের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা উত্তর সিটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল।
নিজের ফেসবুক পেজে ইশরাক লেখেন, ‘আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে ঢাকা দক্ষিণ এর মেয়র প্রার্থী ঘোষণা করেছে। এবং ঢাকা উত্তর থেকে তাবিথ আওয়াল ভাই মনোনয়ন পেয়েছে। বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান ও সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা পোষণ করছি। দেশবাসীর কাছে দোয়া চাই যাতে জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার লড়াইয়ে আমি কার্যকর ভূমিকা পালন এবং আমার বাবা সাদেক হোসেন খোকার সুনাম অক্ষুণ রাখতে পারি।’
সংবাদ সম্মেলনে প্রার্থী ইশরাক হোসেনের পরিচয় তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দক্ষিণে আমাদের একজনই মনোনয়ন ফরম কিনেছিলেন। তিনি আমাদের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সাহেবের বড় ছেলে (ইশরাক হোসেন)। যদিও তিনি একেবারেই নতুন। কিন্তু আমরা মনে করছি, নতুনদের মাঝে তাঁর একটা বড় আকর্ষণ থাকবে, প্রভাব থাকবে। একই সঙ্গে উচ্চশিক্ষিত, প্রকৌশলী- তাঁর চিন্তাশক্তি, মেধা, বাচনভঙ্গি সবকিছুই মোটামুটিভাবে আমার মনে হয় মানুষকে আকৃষ্ট করবে। এরই মধ্যে করেছেও যথেষ্ট। সেজন্যই আমরা মনে করেছি, ইশরাক হোসেন সাহেব আমাদের জন্য একজন ভাল প্রার্থী। সে কারণেই দক্ষিণে আমরা তাঁকে মনোনয়ন দিচ্ছি।’

নিজস্ব প্রতিবেদক