ভূমি অফিসে ধূমপান, হিসাবরক্ষককে প্রত্যাহার
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষককে অফিসে বসে সিগারেট ও ইয়াবা সেবনের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত হিসাবরক্ষকের নাম সমীর কুমার চক্রবর্তী। একটি ভিডিও ক্লিপসে দেখা যায়, সমীর কুমার অফিসের চেয়ারে বসে সিগারেট ফুঁকছেন। এর আগে অফিসে বসে ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে সমীর কুমার খবরের শিরোনাম হন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।
আজ শুক্রবার সকালে এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘আমাদের হাতে একটি ভিডিওর ক্লিপস এসেছে, সেটি আমরা দেখব। যেহেতু অভিযোগ উঠেছে, সে জন্য আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’
ওই ভিডিওতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে অভিযুক্ত সমীর কুমার চক্রবর্তী ধূমপানের পাশাপাশি অন্য রকম কিছু করছেন, যা অনেকটাই হেরোইন বা ইয়াবা সেবনের মতো। পনেরো সেকেন্ডের ওই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।’
অন্যদিকে, গত বুধবার তাঁর কক্ষে গিয়ে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনারের (দুদক) উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরসহ কয়েকজন কর্মকর্তা বিভিন্ন ফাইলপত্র পর্যবেক্ষণ করেন। সমীর কুমার চক্রবর্তীর বিরুদ্ধে কোনো অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছেন কি না, তা অবশ্য জানা যায়নি।
সিগারেটের মতো ইয়াবা সেবন করা যায় কি না সে বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, হেরোইনের মতোই সিগারেটেও ইয়াবা সেবন করা যায়।’
এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘তাঁর বিরুদ্ধে অফিসে মাদক সেবন ও ধূমপানের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। তবে তিনি মাদক সেবন করেছেন কি না এবং মিডিয়াতে যেটা এসেছে আমরা সেটাও পরীক্ষা করে দেখব। তারপর অবশ্যই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘তবে তিনি অফিসে বসে ধূমপান করছিলেন, এটা স্পষ্ট। এটা তিনি পারে না। অফিসে ধূমপান করা নিষেধ।’

আইয়ুব আলী, ময়মনসিংহ