ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, উত্তেজিত গ্রামবাসীর বাস ভাঙচুর
ভোলায় বাসের সঙ্গে মুরগি বোঝাই বোরাকের (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে বোরাকের চালক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাস ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসী। হামলা হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর। বাসটি জব্দ করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর মাদ্রাসা বাজারের পাশে এ ঘটনা ঘটে।
ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ভেদুরিয়াগামী ইসরাত ইক্সপ্রেস নামক বাস ও বিপরীত দিক থেকে আসা ব্রয়লার মুরগির বাচ্চা বোঝাই বোরাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। বোরাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বোরাকচালক মো. কবির হোসেন মারা যান। তাঁর বাড়ি পৌরসভার চরনোয়াবাদ পুলিশ লাইনসের পাশে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিশনার মো. শওকাত হোসেনসহ স্থানীয়রা। নিহতের স্বজনেরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা বিচার দাবি করেন এবং থানায় বাসটিকে নিতে বাধা দেন।
নিহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, বাস থানায় নেওয়া হলে টাকার বিনিময় বাস ছেড়ে দেওয়া হয়। এভাবেই একের পর এক বাস দুর্ঘটনায় মানুষ মারা যাওয়ার পরও বিচার হয় না।
বাস মালিক সমিতির পক্ষের লোকজন গ্রামবাসীর ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করে স্থানীয়রা।
গ্রামবাসী উত্তেজিত হয়ে বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এলে তাঁদের ওপরও চড়াও হয় উত্তেজিত গ্রামবাসী। একপর্যায় গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।
ভোলা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসে তারা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আফজাল হোসেন, ভোলা