‘মজনু মিয়া’ যেন ‘জজ মিয়া’ না হয় : জাফরুল্লাহ
বর্তমান সরকারের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে একজন মজনু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ‘মজনু মিয়া’ যেন সেই ‘জজ মিয়া’ কাহিনীর মতো না হয়।”
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র উদ্ধার আন্দোলনের আয়োজনে ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধনে এ কথা বলেন ডা. জাফরুল্লাহ।
এ সময় জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, “ঢাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মজনুও যদি শেষ পর্যন্ত ‘জজ মিয়া’ কাহিনীর মতো হয়, তাহলে দেশে যে হারে ধর্ষণ বাড়ছে, তার সমাধান আর কখনোই হবে না।”
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি আরো বলেন, ‘ঢাকা ক্যান্টনমেন্টের পাশে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। দেশে এত গোয়েন্দা সংস্থা, তারা কী করে? জনগণকে পাহারা দেওয়ার দায়িত্ব কি তাদের নাই?’
জাফরুল্লাহ বলেন, ‘ধর্ষণের শিকার তো হচ্ছে বাংলাদেশের মা-বোনেরা। গত বছর নির্বাচনের পরে একজন মা ধর্ষণের শিকার হয়েছিলেন। এখনো ঢাকায় নির্বাচন আমেজ চলছে। কীভাবে বলব, এই নির্বাচনের পর আর কেউ ধর্ষণের শিকার হবে না। এসব থেকে বাঁচতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।’
জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, ‘এই ধর্ষণের বিরুদ্ধে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ সভা করেছেন, এটা নিঃসন্দেহে ভালো। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রীরা নির্যাতিত হয়, মেধাবী ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা হয়, এটাও তো বড় ধরনের অপরাধ। মূল কথা হলো, প্রতিটি ক্ষেত্রেই আমাদের মা-বোনেরা ধর্ষণের শিকার হয়।’
জনগণের উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘ঢাবি ছাত্রী ধর্ষণ হয় নাই, ধর্ষণ হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। ধর্ষণের শিকার হয়েছে মুক্তিযোদ্ধারা, দেশের জনগণ। তাই আর কতকাল ধৈর্য ধরে থাকবেন। এসব থেকে বাঁচতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া উপায় নেই। এর থেকে যদি মুক্তি না পান, তাহলে দেশ মাফিয়াদের নিয়ন্ত্রণে চলবে।’
এ সময় মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ গণতন্ত্র উদ্ধার আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব সংবাদদাতা