মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতা আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সোমবার দুপুরে দুই নেতার আটকের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।
ডিবি কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে দুজন আটকের খবর আছে। মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত তূর্যকে আটক করা হয়েছে। এ ছাড়া যারা এ ঘটনায় জড়িত, তাদের আটক করে আইনের আওতায় আনা হবে। বাকিদের খোঁজা হচ্ছে।’
গতকাল রোববার দুপুরে একেবারে লাইট বন্ধ করে রড, লাঠিসোটা নিয়ে ডাকসু ভবনের ভেতরে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা এই হামলা চালায়। এতে ভিপি নুরসহ তাঁর সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ২০ জনের মতো আহত হন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন এবং ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সমর্থক শতাধিক নেতাকর্মী রড, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দুপুরে এই হামলা চালায়।

নিজস্ব প্রতিবেদক