মুক্তিযুদ্ধ মঞ্চের সা. সম্পাদকসহ ৩ জনকে রিমান্ডে চায় পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
গ্রেপ্তার তিনজনকে আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন শাহবাগ থানার পরিদর্শক আরিফুর রহমান সর্দার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের আদালতে বিকেল ৩টায় এ রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন।
রিমান্ডে চাওয়া আসামিরা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদি হাসান শান্ত।
এর আগে আজ মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মোট ৩৫ জনের নামে মামলা দায়ের করে।
এজাহারে আটজনের নাম—মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এ এফ রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান সরকার, কবি জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ (হল থেকে অস্থায়ী বহিষ্কৃত), জিয়া হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মাহিম এবং মাহবুব হাসান নিলয়।
মামলার আগে ডাকসুতে হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপরে সর্বশেষ মেহেদী হাসান সূর্যকে আটক করা হয়।
নথি থেকে জানা যায়, গত রোববার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তাঁর সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে আহতরা দাবি করেন।
হামলায় অন্তত ৩০ জন আহত হন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় ১৪ জনকে। তিনজনকে আইসিউইতে চিকিৎসা দেওয়া হয়।

আদালত প্রতিবেদক