র্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে ১৯৬ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভুটাংবাড়ী এলাকার একটি বিল থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে র্যাব ৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ভুটাংবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাদক কারবারিরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো এবং স্কচটেপ দিয়ে প্যাঁচানো ৯৮টি বান্ডিল জব্দ করা হয়। ওজন করার পর দেখা যায়, জব্দ করা গাঁজার মোট পরিমাণ ১৯৬ কেজি।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, পলাতক মাদক কারবারীদের মধ্যে রাজিব মিয়া নামে একজন রয়েছেন। এ ঘটনায় পলাতক রাজিব মিয়াসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)