যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ১১ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টা ৪ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান। তাঁর আগমনে স্লোগান আর করতালি দিয়ে শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পুরো সোহরাওয়ার্দী উদ্যান।
দলীয় নেত্রীকে বরণ করে নেন যুবলীগের কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম ও সদস্য সচিব হারুনুর রশীদ। মঞ্চে উঠে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। পরে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় সংগীত গেয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি। এ সময় একযোগে ৭৭টি সাংগঠনিক জেলার পক্ষে যুবলীগের পতাকা উত্তোলন করেন জেলা সভাপতিরা।
বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সব ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মূলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারগুলো প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন।
১৯৭৫ এর ১৫ আগস্ট ইতিহাসের জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে সর্বপ্রথম প্রতিবাদ গড়ে তুলতে গিয়ে যুবলীগ নেতা বগুড়ার খসরু, চট্টগ্রামের মৌলভী সৈয়দ জীবন দেন। যুবলীগকর্মী নূর হোসেনের রক্তে অর্জিত হয়েছিল আমাদের গণতন্ত্র। বিগত ১/১১-এর সময়ে যুবলীগের ভূমিকা ছিল অবিস্মরণীয়।
আওয়ামী লীগের অন্যতম সহযোগী এ সংগঠনের এটি সপ্তম কংগ্রেস। সর্বশেষ কংগ্রেসে এর চেয়ারম্যান ছিলেন ওমর ফারুক চৌধুরী, আর সাধারণ সম্পাদক হন হারুনুর রশীদ। শুদ্ধি অভিযানে বিভিন্ন অভিযোগে যুবলীগের চেয়ারম্যানসহ অনেককেই অব্যাহতি দেওয়া হয়। কংগ্রেসকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে সাজসাজ রব দেখা গেছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিজ নিজ পক্ষে জোর লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করছেন সংগঠনটির নেতারা।
সম্মেলনে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সাবেক চেয়ারম্যান আমির হোসেন আমু, শেখ সেলিম ও জাহাঙ্গীর কবির নানক, ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান নুরুল মজিদ হুমায়ুন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, পিএসসির সাবেক সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়াম্যান ড. আনোয়ারা বেগম।

নিজস্ব প্রতিবেদক