লঞ্চডুবি : আজ ও আগামীকাল প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে তদন্ত কমিটি
বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বিকেল ৩টায় সদরঘাটে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে। কমিটির আহবায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মো. রফিকুল ইসলাম খান ঘটনার প্রত্যক্ষদর্শীদের উক্ত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঞ্চ দুর্ঘটনার কারণ উদঘাটন, দুর্ঘটনার জন্য দায়ি ব্যক্তি ও সংস্থাকে সনাক্তকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় গতকাল সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী সাত দিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনায় ডুবে যাওয়া ‘এমএল মর্নিং বার্ড’ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার এলাকা থেকে লঞ্চটি এয়ার লিফটিং দিয়ে উপরে তোলা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়।
এর আগে আজ সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গতকাল সোমবার সকালে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় মুহূর্তে ডুবে যায় যাত্রীবাহী ছোট লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’। দুই চালকের অসতর্কতায় এ ঘটনা ঘটে। এতে পানিতে ডুবে প্রাণ হারান ৩২ জন নিরীহ যাত্রী। নিহতদের মধ্যে ৯ জন নারী ও ৩ শিশু রয়েছে। তাদের বেশিরভাগই মুন্সীগঞ্জের বাসিন্দা।
এ ঘটনায় আজ মঙ্গলবার নৌ-আদালতে মামলা দায়ের করা রয়েছে। এদিকে লঞ্চ চাপা দেওয়া এমভি ময়ূরের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকাল ৯টা ১৩ মিনিটের দিকে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ভেঙে দু-টুকরো হয়ে নদীতে ডুবে যায়।

নিজস্ব প্রতিবেদক