লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় লরির ধাক্কায় পলাশ দাশ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় ফোরসিজন রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। পলাশ দাশ কক্সবাজারের মহেশখালী উপজেলার গুরুক ঘাটা এলাকার হরিপদ দাশের ছেলে।
জানা যায়, নিহত পলাশ মোটরসাইকেলে করে চকরিয়া থেকে লোহাগাড়ায় ফিরছিলেন। পথে চুনতি ফোরসিজনের সামনে এলে একটি লরি পেছন থেকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া ওয়ালটন সার্ভিস পয়েন্টের ইনচার্জ নবোদয় তালুকদার জানান, নিহত পলাশ পাঁচ বছর ধরে লোহাগাড়া ওয়ালটন সার্ভিস পয়েন্টে কর্মরত ছিলেন। পলাশ অফিসের কাজে চকরিয়া গিয়েছিলেন।
দোহাজারী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, লরিটি জব্দ করা হয়েছে এবং সেটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম