চট্টগ্রামে সাড়ে ১০ লাখ টাকা ও মাইক্রোবাসসহ আটক ৩
চট্টগ্রামের চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশনকৃত নোহা মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনীর টহল দল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চন্দনাইশ পৌরসভার আবদুল বারীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. এনামুল হক, মো. এমরান ও গাড়িচালক।
সেনা সূত্রে জানা যায়, বিজিবি ও চন্দনাইশ আর্মি ক্যাম্পের যৌথ টহল দল চেকপোস্টে একটি মাইক্রোবাস তল্লাশি করে দুই সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে মোট ১০ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করে।
তারা দাবি করেন, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. মিজানুল হক (ফুটবল প্রতীক)-এর পোলিং এজেন্টদের জন্য অর্থটি বহন করা হচ্ছিল। এ সময় গাড়ির চালক যানবাহনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
মো. মিজানুল হক জানান, মাইক্রোবাসটি রিকুইজিশন স্লিপের মাধ্যমে নেওয়া হলেও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে সন্দেহভাজনদের মাইক্রোবাসসহ চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, রাত ১২টার দিকে টাকা ও গাড়িটি থানায় জব্দ করা হয়েছে। নির্বাচনি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, উদ্ধার হওয়া টাকা ও গাড়ির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম