ফরিদপুরে আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগনেতার মৃত্যু
ফরিদপুরে আটকের ৫ ঘণ্টা পর এক ছাত্রলীগনেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২১ জুন) সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া নিজ বাড়ি থেকে গতরাতে গাঁজাসহ ছাত্রলীগনেতা মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্তকে ডিবি পুলিশ আটক করে। আটকের ৫ ঘণ্টা পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। নিহত প্রান্ত ওই এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে।
এ ব্যাপারে প্রান্তর চাচা ও সাবেক কাউন্সিলর মির্জা আবু জাফর জানান, গতরাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আমার ভাতিজা প্রান্তকে আটক করে। আজ সকালে খবর পাই সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ফরিদপুরে গেছে। আমি অসুস্থ থাকায় বাড়িতে রয়েছি। এর বেশি কিছু আমি জানি না।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত রাত দুইটার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় আসামির বসতবাড়ির উত্তর পাশে অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামি মো. ইশতিয়াক আহম্মেদ ওরফে প্রান্তকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফরিদপুরে নিয়ে এসে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখা ফরিদপুর হাজতে রাখা হয়। সেখানে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, গতরাতে মধুখালী এলাকা থেকে গাজাসহ এক আসামিকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর