ফরিদপুরের চরাঞ্চলে পাঁচ হাজার তালবীজ রোপণের উদ্বোধন
ফরিদপুর জেলার চরাঞ্চলে পাঁচ হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে এলাকার মানুষের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুরের মধ্য চরটেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় ফরিদপুরের তিনটি উপজেলার চরাঞ্চলের ১০টি ইউনিয়নে বৃক্ষরোপণ করা হবে।
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবুজ হবে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে রয়েছে ফরিদপুর জেলা পরিষদ এবং বাস্তবায়নে সহযোগিতা করছে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম।
এসময় প্রধান অতিথি বলেন, তালবীজ রোপণের মাধ্যমে চরাঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সঞ্জিব দাস, ফরিদপুর