স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা : আলভীর রিমান্ড শুনানি ২৪ জুন
স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভী ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রিমান্ড শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার (২১ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আলভীর রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুল মালেক।
রিমান্ডের আবেদনে বলা হয়, স্ত্রী ইকরাকে অপমান ও মানসিক অত্যাচারের উদ্দেশ্যে আলভী বিভিন্ন সময়ে উসকানিমূলক কথাবার্তা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিতেন। আসামি বিবাহিত হওয়া সত্ত্বেও গত ২৭ ফেব্রুয়ারি অন্য নারীর সঙ্গে ছবি সংযুক্ত করে উসকানিমূলক কথাবার্তা লিখে ফেসবুকে পোস্ট করেন। মামলার মূল রহস্য উদঘাটনসহ অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার, শনাক্তকরণ ও স্থায়ী ঠিকানা উদঘাটনের জন্য আসামি আলভীকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
এর আগে গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ১ মার্চ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১ মার্চ রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা করেন।

আদালত প্রতিবেদক