শিমুলিয়ায় এবার ঘরমুখো যাত্রীদের ঢল
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে আজ শনিবার দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীদের ঢল নামে। ঢাকাগামী যাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘরমুখো যাত্রীর সংখ্যা। তারাও ছুটছে গ্রামের বাড়িতে। আজ শনিবার বেলা ১১টার দিকে শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গগামী পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, সকাল থেকেই ঢাকা ও দক্ষিণবঙ্গ উভয়মুখী যাত্রীদের চাপ দেখা গেছে। দক্ষিণবঙ্গগামী পাঁচ শতাধিক ছোট ছোট যানবাহন শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ছাড়াও ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, শিমুলিয়াঘাটে উভয়মুখেই যাত্রীদের চাপ দেখা গেছে। ঘাটে ছোট ছোট যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে সকাল থেকে নৌরুটে ১৩টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে।
শফিকুল ইসলাম জানান, নৌরুটে তিনটি রো-রো ফেরি, চারটি ডাম্প ফেরি ও ছয়টি কে-টাইপ ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ