শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল, তাপমাত্রা কমবে আরো
মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশায় ধীরগতিতে চলছে যানবাহন। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে বাইরে বের হওয়াই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাঁদের ক্ষেত্রে।
আজ শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। কনকনে শীতে দিনাজপুরে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অন্যদিকে, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। এ ছাড়া রংপুরে কনকনে শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক শিশু ভর্তি রয়েছে। এদিকে, তীব্র শীতে জবুথবু সিরাজগঞ্জের মানুষ। এ ছাড়া নাটোর, রাজশাহী, কুড়িগ্রামেও বেড়েছে শীতের দাপট।

নিজস্ব প্রতিবেদক